জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার বহু আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে আবারও জীবন দিতে হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না আসে, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার পক্ষে জীবনদানকারী শহীদদের পাশাপাশি বীরাঙ্গনা মা-বোনদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের চেতনা— এই দুইয়ের ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তোলাই এখন লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।