বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। দেবীর বোধন, আবাহন ও অধিবাসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন পূজামণ্ডপে শুরু হবে পূজা-অর্চনা।
ধর্মীয় আচার অনুযায়ী, মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে মণ্ডপে বরণ করে নেওয়া হবে। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপগুলো। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজামণ্ডপে ভক্তদের সমাগম ঘিরে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ।
এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে। অন্যদিকে, ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে টানা পাঁচ দিনের ছুটি। ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
ধর্মীয় আচার, পূজা-অর্চনা ও উৎসবের নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী কয়েক দিন দেশজুড়ে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।
You cannot copy content of this page