1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মুরাদনগরে কৃষক হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ৬ দিনেও অধরা মূল অভিযুক্তরা

মইনুল, কুমিল্লা রিপোর্টার
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ছয় দিন পার হলেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাঙ্গরা ডাকবাংলার সামনে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। প্রায় আধা ঘণ্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে অংশগ্রহণকারীরা থানার সামনে গিয়ে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। নিহত মাওলা সরকারের পাঁচটি শিশু সন্তান রয়েছে, যাদের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে। বক্তাদের ভাষ্য, “এখানে শুধু একজন মানুষকে হত্যা করা হয়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে একটি পুরো পরিবার।”

মহেশপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তিনি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজনরা বলেন, “আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃষক মাওলা সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেচ প্রকল্প সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে প্রধান আসামি খোরশেদ আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, এজাহারভুক্ত এক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!