ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবারের এসব হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রোববার (১৩ সেপ্টেম্বর) আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার সকাল থেকে রাশিয়া দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন ছুড়েছে। তাঁর অভিযোগ, ইউক্রেনের অর্থনীতিকে দুর্বল করা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষকে সহায়তা করা অবকাঠামো ধ্বংস করাই রাশিয়ার উদ্দেশ্য।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জাপোরিঝিয়া, দানিপ্রো ও ক্রিভি রিহের কয়েকটি ইস্পাত কারখানা ও শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে মস্কো নিয়ন্ত্রিত পূর্ব দোনেৎস্ক অঞ্চলের রুশ কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।
ফ্রন্টলাইন শহর ক্রামাতোর্স্কেও বেসামরিক গাড়িতে রুশ হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সিটি কাউন্সিলের তথ্যমতে, মাত্র ৯০ মিনিটের ব্যবধানে তিনটি হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সিটি কাউন্সিল জানিয়েছে, হামলার শিকার গাড়িগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না; সাধারণ মানুষ দৈনন্দিন কাজে যাওয়ার সময় এসব হামলার শিকার হয়েছেন।
গত দুই মাসে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে উভয় পক্ষই একে অপরের জ্বালানি স্থাপনা, অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে।
You cannot copy content of this page