গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে নগর উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক নাগরিক সেবার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট বাজেটের পরিমাণ ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
বাজেটের সবচেয়ে বড় আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প (ডিপিপি), যার পরিমাণ ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া সাধারণ রাজস্ব তহবিল থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা এবং সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রয়োজন ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং গাজীপুর সিটির অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।
You cannot copy content of this page