সাতক্ষীরায় বিলের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তিনি সাতক্ষীরা শহরতলীর খেলারডাঙ্গী এলাকার মনসুর আলীর মেয়ে কোহিনুর বেগম (৩৪)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা এলাকায় বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী এবং তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড করার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে যান।
সেখানে তিনি বিলের পানিতে বোরকা পরিহিত এক নারীর মরদেহ ভাসতে দেখে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। পরে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান এবং সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি কোহিনুর বেগমের বলে শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
You cannot copy content of this page