ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে মেট্রোরেলের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে বেলুনগুলো অপসারণ করা হলে পুনরায় স্বাভাবিক হয় মেট্রোরেল সেবা।
রোববার (২৮ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী লাইনে এ ঘটনা ঘটে। গ্যাস বেলুন তারে আটকে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে চলাচলরত ট্রেনটি সাময়িকভাবে থেমে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ন্ত একগুচ্ছ গ্যাস বেলুন মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকায় মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বেলুন অপসারণের কাজ শুরু করে।
তিনি আরও জানান, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয় এবং মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।
You cannot copy content of this page