সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই জাতীয় বেতন স্কেল ২০২৬–এর প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপন কবে জারি হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, “এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।”
তিনি জানান, নবম পে-স্কেল বাস্তবায়নে একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় এসআরও (Statutory Regulatory Order) আকারেও জারি করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো হয়নি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী করতে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।
তিনি বলেন, কমিশনের প্রতিবেদন পাওয়ার পরও সরকার এ বিষয়ে আটটি বৈঠক করেছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় তাদের জীবনযাত্রার মানের ওপরও প্রভাব পড়েছে।
নাসিমুল গনি বলেন, “১২ বছর ধরে বেতন বৃদ্ধি ঘটেনি। পাঁচ বছর অন্তর যেখানে পে-স্কেল পরিবর্তন হয়, সেখানে এটা ১২ বছরে হয়নি। তাদের জন্যও এটা খুব কষ্টকর এবং জীবনযাত্রার মানও কমে গেছে অনেক। সেটিকে বিবেচনায় রেখে উভয় দিকের মধ্যে ভারসাম্য করে যেটুকু করা যায়, সেটাই করা হয়েছে।”
You cannot copy content of this page