শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রির আলামত ও নমুনা জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বেশ কিছুদিন ধরে খোঁজখবর রাখছিলেন।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তারা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস পড়ে থাকতে দেখেন। একই সময় আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান তারা। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে কথিত কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে যায়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান থাকবে।
You cannot copy content of this page