বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে গাড়িটি ধাক্কা দেয়।
এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান দুর্ঘটনা ও প্রতিমন্ত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page