বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় হৃদয়স্পর্শী এক দৃশ্যের জন্ম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বাবাকে আর মারধর না করার জন্য লোকজনের কাছে আকুতি জানায় তার ৯ বছর বয়সী মেয়ে। পরে এক কাপ চায়ে পাউরুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দেয় শিশুটি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উজিরপুর উপজেলার একটি বাজারে মুদিদোকানে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে কয়েকজন ব্যবসায়ী তাকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন শনিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার ছোট মেয়ে। বাবাকে মারধর না করার জন্য উপস্থিত লোকজনের কাছে সে অনুরোধ করতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ওই ব্যক্তির পা বাঁধা। তার হাতে একটি চায়ের কাপ। পাশে বসে থাকা মেয়েটি পাউরুটি ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। এ সময় শিশুটিকে অসহায়ভাবে আশপাশের মানুষের দিকে তাকাতেও দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মিরাজ হোসেন ফরাজী বলেন, সকালে বাজারে এসে তারা শিশুটিকে বাবার পাশে কাঁদতে দেখেন। মেয়েটি চায়ে পাউরুটি ভিজিয়ে বাবাকে খাওয়াচ্ছিল। দৃশ্যটি উপস্থিত মানুষের মধ্যে আবেগ তৈরি করে। পরে ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি নেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর ওই ব্যক্তির মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। পরে স্থানীয় এক ব্যক্তির ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় তিনি লজ্জিত। দুই সন্তানের কথা বিবেচনা করে ভবিষ্যতে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
You cannot copy content of this page