পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদার করতে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচল এলাকায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন্স স্থাপন করা হবে। এছাড়া তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ও থাকবে।
তিনি জানান, পুরো আবাসন প্রকল্পের বিভিন্ন সেক্টরে মোট ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির দলিল নিবন্ধন সম্পন্ন হয়েছে।
মো. আলী হোসেন ফকির আরও বলেন, পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে স্বতন্ত্র একটি পুলিশ বিভাগ গঠন করা হবে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টির প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
তার মতে, নতুন এই অবকাঠামো ও জনবল নিয়োগের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা সম্ভব হবে।
You cannot copy content of this page