হাসি ও মজার কৌতুকে একসময় টেলিভিশন মাতিয়ে রাখা জনপ্রিয় রিয়ালিটি শো ‘মীরাক্কেল’ আবারও ফিরছে। দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটির ১১তম আসর। সম্প্রতি ‘মীরাক্কেল ১১’-এর অডিশন প্রোমো প্রকাশের পর দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এবারের আয়োজনে থাকছে বেশ কিছু পরিবর্তন।
নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ নিজের মুখে বলা কৌতুকের ভিডিও ধারণ করে অডিশনে অংশ নিতে পারবেন। জমা পড়া ভিডিওগুলো থেকে প্রতিযোগীদের বাছাই করা হবে। এরপর নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল পর্বের প্রতিযোগিতা।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে নতুন আসরের সম্প্রচার শুরু হতে পারে। এর আগে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগীদের চূড়ান্ত বাছাইয়ের ওপরই পুরো সময়সূচি নির্ভর করছে।
এবারের আসরে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ফলে নতুন মৌসুমের উপস্থাপনা, বিচারক ও অন্যান্য আয়োজন নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।
২০২১ সালে সর্বশেষ ‘মীরাক্কেল’-এর সম্প্রচার শুরু হয়েছিল। এরপর দীর্ঘ পাঁচ বছরের বিরতি। তাই নতুন আসরের ঘোষণা দর্শকদের জন্য বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
তবে বর্তমান সময়ে সেন্সরশিপ এবং ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন বিধিনিষেধের বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে আয়োজকদের। ফলে কৌতুক পরিবেশনার ক্ষেত্রে আগের তুলনায় আরও সতর্ক থাকতে হতে পারে ‘মীরাক্কেল’ টিমকে।
You cannot copy content of this page