প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আটজনের দফতর চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপনে উল্লেখিত পাঁচজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ও তাদের দায়িত্ব:
রাজনৈতিক উপদেষ্টা: সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়: মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়: অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার তিন উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে:
প্রতিরক্ষা মন্ত্রণালয়: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
শিক্ষা ও শ্রম সেক্টর: মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—এই চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান: রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলেও শুক্রবার পর্যন্ত ৮ জনের দফতর চূড়ান্ত হয়েছে। সরকারের নীতি-নির্ধারণী পর্যায় আশা করছে, নতুন এই দফতর বণ্টনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে। বাকি দুই উপদেষ্টার দফতর পরবর্তীতে জানানো হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়