সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হলেও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকেই নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন।
প্রথম দিনের পরীক্ষায় যানজট ও অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন। রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রবেশের আগে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছেন। কেউ কেউ শেষ মুহূর্তে বই-নোট দেখে প্রস্তুতিও নিচ্ছিলেন। কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় বিপুল সংখ্যক অভিভাবককেও।
এবার পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রবেশমুখে তল্লাশি, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি, সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রভিত্তিক কঠোর পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর ৭৭টি বিষয়ে মোট ২১ দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে। এরপর ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।
You cannot copy content of this page