বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ পর্যায়ে বিভাগে মোট ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করা হয়।
এবার অনুদানপ্রাপ্তদের মধ্যে খুলনা জেলার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন এবং বাগেরহাটের ৯ জন সাংবাদিক রয়েছেন।
যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অতীতের মতো কোনো ধরনের দলীয় বিবেচনা ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিক থাকলে দল বা মত নির্বিশেষে সবাই এই সহায়তা পাচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।
এ ছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী এবং নড়াইলের হুমায়ুন কবির রিন্টুসহ স্থানীয় সাংবাদিক নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের জন্য কল্যাণ অনুদানের পরিমাণ বাড়ানোর দাবি জানান। তাদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান অনুদানের অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই ভবিষ্যতে কল্যাণ তহবিলের বরাদ্দ বৃদ্ধি করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে সারাদেশে মোট ৫০৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে।
You cannot copy content of this page