রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে অনলাইন ক্লাস শুরু হয়।
শিক্ষকরা নিজ নিজ ক্লাসরুমে উপস্থিত থেকে ভার্চুয়ালি ক্লাস পরিচালনা করেন এবং শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে এতে অংশ নেয়। নতুন এই ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি উপলক্ষে আপাতত কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখাতেও অনলাইন ক্লাস চালু করা হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন ক্লাস নেওয়া হবে। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস চলবে।
ইরান ও মার্কিন-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনলাইন ক্লাস চালুর বিষয়ে মতামত নিতে গত ৮ এপ্রিল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করা হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল শিক্ষার দিকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে চালু করা হতে পারে।
মন্ত্রী আরও জানান, নতুন সময়সূচি অনুযায়ী শনিবার স্কুলে উপস্থিত হয়ে ক্লাস হবে, রোববার অনলাইন, সোমবার অফলাইন, মঙ্গলবার অনলাইন, বুধবার অফলাইন এবং বৃহস্পতিবার আবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে