জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম তিনি জানেন না। তবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। তবে সংঘর্ষে টুকটাক আঘাত লাগতে পারে।
You cannot copy content of this page