দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ হতে যাচ্ছে। সরকারি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়বে।
নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা এবং সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।
পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রেও বাড়তি সুবিধা রাখা হয়েছে। নিট পেনশন ৯ হাজার টাকা বা কম হলে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে ৫৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত রয়েছে।
এ ছাড়া সামরিক ও অসামরিক ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নতুন পে স্কেলও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে বিভিন্ন ধাপে মূল বেতন কার্যকর হবে। বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে। স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
You cannot copy content of this page