ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ক্ষেপণাস্ত্রগুলোর সবকটিই গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
তুর্কি আল-মালিকি আরও জানান, হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ছুড়েছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী সেগুলো আকাশেই ধ্বংস করেছে বলে দাবি করেন তিনি।
রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণার পরপরই সৌদি রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কারণে হয়েছে, নাকি কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে, তা এখনো স্পষ্ট নয়।
টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট পরিচালিত হতে দেখা গেলেও বিমানবন্দরের নোটিশ বোর্ডে এখনো অনেক ফ্লাইট বাতিলের তথ্য রয়েছে।
অন্যদিকে, ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা সতর্ক করে বলেছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এখনো তাদের কাছে একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’ এবং যাত্রীদের জন্য ‘অনিরাপদ’।
You cannot copy content of this page