রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এ আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ২১ প্লাটুন বিজিবি, এসআরবির ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ জন এবং আনসার বাহিনীর ২ হাজার ৪০৫ সদস্য।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার চারজন।
আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে রয়েছে ৯৮৯টি ভোটকক্ষ। ভোটগ্রহণ পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।
এবারের উপনির্বাচনে ভোটারদের অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান কেমন হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ রয়েছে।
You cannot copy content of this page