বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কার্যালয় রয়েছে।
মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর সেখানে আরও একটি সাপ দেখা যায়।
এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ১৯ তলায় সাপ কীভাবে এলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা, ভবনের ভেতরে থাকা কোনো স্টোরেজ বা অন্য স্থানে আরও সাপ থাকতে পারে।
১৯ তলায় কর্মরত এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ কীভাবে এলো, তা নিয়ে সবার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
তার ধারণা, ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেখান থেকে বাচ্চা ফুটে সাপগুলো বের হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বলা হয়েছে।
You cannot copy content of this page