আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাত জেলায় ধারাবাহিক নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন। এসব সমাবেশে তিনি ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তারেক রহমান। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
এরপর পর্যায়ক্রমে তিনি বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন।
এরপর রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। সমাবেশ শেষে ভোররাতের কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
নির্বাচনি সমাবেশগুলোতে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড প্রদান, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের জন্য সম্মানি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শেষ কয়েকটি সমাবেশে ভোর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাকে।
সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টার এই সফরে পথে পথে অনুষ্ঠিত জনসমাবেশগুলোতে গভীর রাত পর্যন্ত বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়