বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক ব্যাংক হিসাব তলবের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বচ্ছতা বজায় রাখতে বুধবার (৪ মার্চ) তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।”
পরে গণমাধ্যমকে তিনি আরও বলেন, যেভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত কি না—সে প্রশ্ন উঠেছে। তাই তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।
এর আগে সোমবার (২ মার্চ) বিএফআইইউ দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদসহ সাবেক পাঁচজন উপদেষ্টার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চায়। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের অ্যাকাউন্ট খোলার ফরম ও লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়