কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে সার মজুত এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। পাশাপাশি রোকতন মিয়া নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান এলাকার জনতা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
অভিযানকালে দেখা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি ছাড়াই অন্য উপজেলা থেকে টিএসপি, ইউরিয়া ও ডিএপি সার এনে দোকানে মজুত করা হয়েছে। এ ছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ পাওয়া যায়।
মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংস করা হয়।
জব্দ করা সার হোসেনপুর উপজেলার লাইসেন্সপ্রাপ্ত সার ডিলারের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইউএনও রেকসোনা খাতুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সার মজুত ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন ও সহকারী কৃষি কর্মকর্তা।
You cannot copy content of this page