ইসরায়েলে নতুন সরকার গঠনের সময়সীমা শুরু হওয়ায় কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে পড়েছেন গাদি আইজেনকোট। নেসেটে আস্থা ভোটে জয়ী হতে সক্ষম সরকার গঠনের জন্য তিনি সময় পাচ্ছেন ২৮ দিন। তবে দেশটির প্রেসিডেন্ট চাইলে তাঁকে আরও ১৪ দিন সময় দিতে পারবেন।
সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকোটের সামনে বিকল্প বেশ সীমিত। তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করতে চান না। তাঁর মতে, এমন সরকার গঠন হবে সমর্থকদের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। নেতানিয়াহুকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য ‘বিপদ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
অন্যদিকে, ফিলিস্তিনি-ইসরায়েলি নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিতেও আগ্রহী নন আইজেনকোট। অথচ নেসেটে দলগুলোর ঐতিহাসিক ১৯ আসনের একটি ব্লক রয়েছে। তাদের সমর্থন ছাড়া প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা কঠিন হতে পারে। এমনকি দলগুলো সরাসরি সমর্থন না দিয়ে ভোটদানে বিরত থাকলেও তা আইজেনকোটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে সরকার গঠনের চ্যালেঞ্জ শুধু আইজেনকোটের একার নয়। তাঁর জোটের অন্য দলগুলোরও এ বিষয়ে নিজস্ব শর্ত রয়েছে।
তাঁর সহযোগীদের মধ্যে আটটি আসন পাওয়া ছোট একটি দলের ডানপন্থী নেতা আভিগদর লিবারম্যানও ফিলিস্তিনি-ইসরায়েলিদের সঙ্গে সরকার গঠনে রাজি নন। এমনকি তাদের সমর্থন নেওয়ার বিষয়েও তাঁর আপত্তি রয়েছে।
ফলে সরকার গঠনের আলোচনা এগিয়ে নিতে পর্দার আড়ালে জটিল রাজনৈতিক সমীকরণ সামলাতে হচ্ছে আইজেনকোটকে।
আইজেনকোট শান্ত ও সংযতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পরিচিত। নিজের পরিকল্পনা প্রচারে গণমাধ্যমকে ব্যবহার না করে নীরবেই সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছেন, যত দ্রুত সম্ভব একটি ‘জরুরি জায়নবাদী সরকার’ গঠন করবেন তিনি।
সূত্র: আলজাজিরা
You cannot copy content of this page