একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি হলো সম্পদের সুষম বণ্টন। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য কীভাবে বজায় থাকবে, তা অনেকাংশেই নির্ভর করে অর্থব্যবস্থার ওপর। ইসলামি অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার অধিকার, সামাজিক দায়বদ্ধতা এবং সম্পদের ন্যায়সংগত বণ্টনের সমন্বয় রয়েছে।
ইসলামের দৃষ্টিতে সম্পদের মালিকানা ও বণ্টন শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। মহান আল্লাহ মানুষের সামর্থ্য, চাহিদা ও পরিস্থিতি সম্পর্কে সর্বজ্ঞ। তিনি কাউকে প্রাচুর্য দেন, আবার কাউকে সীমিত সম্পদ দিয়ে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ তাঁর সব বান্দাকে রিজিকে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা, সে পরিমাণই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদের সম্যক জানেন, দেখেন।’ (সুরা আশ-শুরা: ২৭)।
বর্তমান বিশ্বে অর্থনৈতিক বৈষম্য ও সম্পদের অসম বণ্টন একটি বড় সামাজিক সমস্যা। এর পেছনে অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি মানবিক মূল্যবোধের অভাব, অতিরিক্ত ভোগবিলাসিতা, লোভ, অহংকার ও কৃপণতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্পদের প্রাচুর্য যখন মানুষের মধ্যে দায়িত্ববোধের পরিবর্তে আত্মকেন্দ্রিকতা ও অন্যের প্রতি উদাসীনতা তৈরি করে, তখন সমাজে বৈষম্য আরও প্রকট হয়ে ওঠে।
এ ধরনের বৈষম্য কমাতে ইসলাম জাকাত, ফিতরা ও দান-সদকার বিধান দিয়েছে। এসব বিধানের মূল উদ্দেশ্য শুধু দরিদ্র মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ নয়, বরং সম্পদের প্রবাহ সচল রাখা, অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করা। সম্পদের অধিকারী ব্যক্তিরা যখন নিজেদের সম্পদের একটি নির্ধারিত অংশ অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করেন, তখন সমাজে পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়।
বিশ্বজুড়ে সম্পদের কেন্দ্রীভবন ও বৈষম্যের চিত্রও উদ্বেগজনক। বিপুলসংখ্যক মানুষের দারিদ্র্য ও সীমিত সুযোগের বিপরীতে অল্পসংখ্যক মানুষের হাতে বিপুল সম্পদ জমা হওয়া অর্থনৈতিক ন্যায়বিচার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। অথচ মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বড় পরিবর্তন আনা সম্ভব।
প্রকৃত অর্থে একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু সম্পদ অর্জন যথেষ্ট নয়; প্রয়োজন সম্পদের ন্যায়সংগত ব্যবহার ও বণ্টন। ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ধনী-দরিদ্রের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা এবং দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করা গেলে সমাজে বৈষম্য কমবে, অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে এবং সামগ্রিক উন্নয়নের পথ সুগম হবে।
You cannot copy content of this page