গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—
বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে নিজ বাড়ি মৌলভীপাড়ায় ফেরার পথে একদল হামলাকারী সাইদুর রহমান বাসুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হলে পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই রাসু বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জের তৎকালীন দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরে বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়।