দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৮০ জন শিশু।
সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৫১ শিশুর এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৭ শিশুর প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯৬৭ জন। অর্থাৎ একদিনে মোট ১ হাজার ৮০ জন শিশু হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
এ সময়ে ৯০৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩১ হাজার ৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪০৮।
একই সময়ে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
You cannot copy content of this page