সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ির হাঁস-মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে মুক্তার গাজী হাঁস-মুরগির ঘরের দরজা খুলে দেন। এ সময় দুটি হাঁস ও একটি মুরগি বের হয়ে এলেও অন্য হাঁস-মুরগিগুলো বের হচ্ছিল না। বিষয়টি দেখতে মুক্তার গাজীর স্ত্রী ঘরের ভেতরে উঁকি দিলে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এতে ভয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
মুক্তার গাজী বলেন, হাঁস-মুরগিগুলো ঘর থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রী ভেতরে দেখতে যান। সেখানে এত বড় অজগর দেখে তিনি ভয় পেয়ে জ্ঞান হারান। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়।
খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সিপিজির সদস্য আবুল হোসেন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পর বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দীন বলেন, খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
স্থানীয়দের ধারণা, সুন্দরবনের কাছাকাছি হওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। তবে হাঁস-মুরগির ঘর থেকে এত বড় অজগর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
You cannot copy content of this page