ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী চারটি ইহুদি দলের নেতারা মঙ্গলবার (৩ নভেম্বর) বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের (পার্লামেন্ট) শপথ গ্রহণের আগে সংসদীয় কৌশল সমন্বয়ের বিষয়ে একমত হয়েছেন।
তবে আরব দলগুলোকে ছাড়াই কীভাবে সরকার গঠন করা সম্ভব, সে বিষয়ে বিরোধী নেতারা কোনো স্পষ্ট পরিকল্পনা জানাননি। কারণ, বিরোধী দলগুলোর কয়েকটি ইতোমধ্যে আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে গ্রহণে আপত্তি জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি’ইয়াহাদ চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান দ্রুত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার করেছেন। এ জন্য তাঁরা আইজেনকটের প্রস্তাবিত চারটি মূলনীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন।
নীতিগুলোর মধ্যে রয়েছে—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে গাজায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসনের অবসান ঘটানো।
বিবৃতিতে আরও বলা হয়, নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছেন। ৭ অক্টোবরের সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি জাতীয় জরুরি সরকার গঠন এবং নেসেটে বিদ্যমান সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে তাঁরা অবিলম্বে পদক্ষেপ নেবেন।
গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে তাঁর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী ইহুদি দলগুলো পেয়েছে ৪৮টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের দুটি আরব দলের সমর্থন প্রয়োজন। ওই দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব বা ম্যান্ডেট যেন গাদি আইজেনকট পান, সে বিষয়ে বিরোধী নেতারা তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি, জোট চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ অবিলম্বে শুরু করতেও তাঁরা সম্মত হয়েছেন।
You cannot copy content of this page