বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর নোটিশের জবাব না দেওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, এপিবিএন-২-এর সাবেক এএসপি মোদু আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।
অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি এবং বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।
এসব অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তাঁরা ওই নোটিশের জবাব দেননি।
পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়।
You cannot copy content of this page