দুর্গাপূজাকে সামনে রেখে এবার ভারতীয় বাজারে বাংলাদেশি ইলিশ রফতানির সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। একই সঙ্গে ভারত থেকে ইলিশ আমদানিও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর জারি করা সিদ্ধান্তের পর বাংলাদেশে ভারতীয় ইলিশ আমদানির অনুমতিগুলো বাতিল করা হয়েছে। মৎস্য অধিদপ্তর ১০৩টি আমদানি অনুমোদন বা অনাপত্তিপত্র বাতিল করায় ভারত থেকে ইলিশ আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে, প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে সীমিত পরিমাণ ইলিশ ভারতে রফতানির অনুমতি দেওয়া হলেও এবার এখনো সেই অনুমতি দেওয়া হয়নি। কলকাতার মাছ ব্যবসায়ীদের আশঙ্কা, এ বছর দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ ভারতে যাওয়ার সুযোগ নাও থাকতে পারে।
গত কয়েক বছরে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমোদিত পরিমাণের তুলনায় প্রকৃত রফতানি অনেক কম ছিল। ২০২৫ সালে ১ হাজার ২০০ টন রফতানির অনুমতি দেওয়া হলেও ভারতে পৌঁছায় প্রায় ১৫০ টন। ২০২৪ সালে অনুমোদিত ২ হাজার ৪২০ টনের বিপরীতে রফতানি হয়েছিল ৫৭৭ টন এবং ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টনের বিপরীতে ৫৮৭ টন।
এদিকে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫৫৩ টন ইলিশ আমদানি হয়েছিল। এসব আমদানির জন্য মৎস্য অধিদপ্তর ১ হাজার ৭৩৯ দশমিক ৫ টন পর্যন্ত অনুমোদন দিয়েছিল। তবে ১০৩টি অনাপত্তিপত্র বাতিলের পর আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির বিষয়ে আলোচনা করতে গত আগস্টে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠক করেছিল। তবে এখন পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশি ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়নি।
বাংলাদেশে ইলিশ ধরার মৌসুমি নিষেধাজ্ঞা সামনে থাকায় চলতি বছর ভারতে ইলিশ রফতানির সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে। ফলে দুর্গাপূজায় কলকাতাসহ ভারতের বাজারে বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
You cannot copy content of this page