সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তবে হুথিদের এ দাবি এবং হামলার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে এবং তা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
অন্যদিকে, সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির সিভিল ডিফেন্সের বরাতে জানিয়েছে, মঙ্গলবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাজধানী রিয়াদে পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার দুপুরের পর রিয়াদে বিমান হামলার সতর্কতাও জারি করে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার বরাতে জানানো হয়েছে, দিনের শুরুতে রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হুথি গোষ্ঠী আরও দাবি করেছে, তারা দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি বিমান নাজরান বিমানবন্দরে এবং অন্যটি খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে অবস্থান করছিল। এসব হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন ইয়াহিয়া সারি।
এর আগে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালানোর দাবিও করেছিল হুথি গোষ্ঠী। তাদের মুখপাত্রের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার ফলে শোধনাগারটিতে আগুন ধরে যায়।
তবে রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক স্থাপনা ও রাস তানুরায় হামলা নিয়ে হুথিদের দাবির পূর্ণাঙ্গ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
You cannot copy content of this page