পবিত্র মাহে রমজান উপলক্ষে জনভোগান্তি কমানো এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টারের নীতিমালা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুলে ৯ মার্চ থেকে ঈদের সরকারি ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারবে।
এ ছাড়া বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়