1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

চানখারপুলে ছয় হত্যার মানবতাবিরোধী মামলা: রায় ২৬ জানুয়ারি

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চব্বিশের জুলাই–আগস্ট অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হয়নি। মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী

এর আগে গত ২৪ ডিসেম্বর মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে।

এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার এবং চারজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার আসামিরা হলেন—শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমনমো. নাসিরুল ইসলাম। মঙ্গলবার সকালে পুলিশ তাদের ট্রাইব্যুনালে হাজির করে।

পলাতক চার আসামি হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনাল ২৩ কার্যদিবসে এসব সাক্ষীর জবানবন্দি নেন। সাফাই সাক্ষী হিসেবে আরশাদসহ আরও তিনজনের জবানবন্দিও গ্রহণ করা হয়। পরবর্তীতে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!