জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে বাড়ির পাশের মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী একটি দ্রুতগতির বাস ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং এর চালকের সহকারীকে (হেলপার) আটক করেছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ বাসটির হেলপারকে আটক করেছে এবং বাসটি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার বিস্তারিত তথ্য জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
You cannot copy content of this page