হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জামাল মিয়া (৩৪) নামে এক যুবক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের মতিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে এলাকাবাসী হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে গিয়ে তারা দেখতে পান জামাল মিয়া বিদ্যুতের ট্রান্সমিটারের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা আরও জানান, জামাল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।