রাজধানীর মিরপুরে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরের সনি হলের সামনে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণ ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়।
You cannot copy content of this page