ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশ আপনার, এই দেশ আমার। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।’
তিনি বলেন, দেশের প্রতি প্রত্যেক নাগরিকের অধিকার যেমন রয়েছে, তেমনি রয়েছে দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, এসব আন্দোলনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছে। অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কেউ কারও ধর্মীয় পরিচয় জানতে চায়নি। জুলাই গণঅভ্যুত্থানেও সব ধর্মের মানুষ আত্মত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রত্যেক নাগরিক উপকৃত হবেন। তাই একে অপরকে আগে মানুষ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে তিনি অনুষ্ঠানটিকে আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা হিসেবে উল্লেখ করেন।
You cannot copy content of this page