ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারে নদীতে নেমে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট-সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি ভেঙে যাওয়া নৌকার পাটাতন ভেসে যাচ্ছিল। সেটি উদ্ধারের উদ্দেশ্যে নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় প্রবল স্রোতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শী মো. হবি মিয়া ও স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল জানান, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সাইফুল ইসলাম তীব্র স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নৌকা নিয়ে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। তবে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সেখান থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে পরিস্থিতি অনুকূলে থাকলে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
You cannot copy content of this page