৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৩২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে প্রার্থীরা নিজ নিজ রোল নম্বরের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এছাড়া ক্যাডারভিত্তিক নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
এর আগে গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।
গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-সহ দেশের আটটি বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকা-সহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
চূড়ান্ত ফলাফল ও পরবর্তী নির্দেশনা জানতে প্রার্থীদের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফলাফল দেখতে ক্লিক করুন এখানে
You cannot copy content of this page