চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় উঠে পড়েন মো. তানজীব (২৫) নামে এক যুবক। প্রায় ছয় ঘণ্টা ধরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাকে নিরাপদে নামানোর চেষ্টা করেন। একপর্যায়ে নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ভূজপুরের মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা টাওয়ারের চূড়ায় ওই যুবককে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় তানজীবকে অবস্থান করতে দেখা যায়। টাওয়ারটি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের অংশ হওয়ায় ঘটনাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা শুরু করে। দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করা হলেও তিনি টাওয়ারের ওপরেই অবস্থান করছিলেন।
প্রায় ছয় ঘণ্টা পর বিকেলের দিকে তানজীব নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন। পরে তাকে ভূজপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, তানজীব কিছুটা মানসিকভাবে অসুস্থ। কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে মাইজভান্ডার দরবারে এসেছিলেন তিনি। সেখান থেকে নিখোঁজ হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিল না।
পুলিশ জানায়, তানজীব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সোহরাব সর্দারের ছেলে। টাওয়ার থেকে নামানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page