গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়। পরে রাত ৯টার দিকে সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়।
You cannot copy content of this page