দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জ্বালানি খাতের তিন গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন এনেছে পেট্রোবাংলা।
তিন প্রতিষ্ঠানের বর্তমান এমডিদের পেট্রোবাংলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থলাভিষিক্ত হিসেবে তিন মহাব্যবস্থাপককে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে তিতাসের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন কোম্পানির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।
একইভাবে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হককে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন কোম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।
অন্যদিকে, গত মঙ্গলবার আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করা হয়। তাকে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।
এ ছাড়া পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি আগে নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
পেট্রোবাংলার অফিস আদেশে বলা হয়েছে, তিন প্রতিষ্ঠানের এমডি পদে চলতি দায়িত্ব প্রদান সাময়িক ব্যবস্থা। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা কিংবা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো পরিবর্তন আসবে না। এসব পদে পরবর্তী সময়ে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ মূল পদ মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, দেশের জ্বালানি খাতে তিতাস গ্যাস, বাপেক্স ও আরপিজিসিএলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস। বাপেক্স দেশের তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও উৎপাদনের দায়িত্ব পালন করে। অন্যদিকে, আরপিজিসিএল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, পুনরায় গ্যাসে রূপান্তর এবং জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম পরিচালনা করে।
You cannot copy content of this page