খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহরের উত্তর সবুজবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন।
অভিযান চলাকালে উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
তিনি আরও জানান, অবৈধভাবে পাহাড় কাটা বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ের ভারসাম্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page