দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে শাহী পরিবহনের যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী শাহী পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসানের আশ্বাসে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে।
তিনি আরও জানান, সুরতহাল শেষে শিপা মনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page