নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার তাণ্ডবে মাইলের পর মাইল এলাকা প্লাবিত হয়েছে। ধ্বংস হয়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বন্যার ভয়াবহতার এসব দৃশ্য দেখা গেছে। এর মধ্যেই ধ্বংসস্তূপের মাঝে একটি সবুজ দোতলা বাড়ি অক্ষত থাকার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতে কাদা-পানি ও ধ্বংসাবশেষ ভেসে যাচ্ছে। আশপাশের ঘরবাড়ি একের পর এক ভেঙে পড়লেও সবুজ রঙের দোতলা একটি বাড়ি শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। চারদিক থেকে পানির তীব্র স্রোত আঘাত করলেও বাড়িটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
পরে জানা যায়, ওই বাড়ির ভেতরে একটি পরিবার আটকা পড়েছিল। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে পরিবারটির নিরাপত্তার জন্য প্রার্থনা করেন এবং বাড়িটি কীভাবে এত ভয়াবহ স্রোতের মধ্যেও টিকে রইল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে জানানো হয়, বাড়িটির ভেতরে থাকা পরিবারের সব সদস্যই জীবিত ও নিরাপদে উদ্ধার হয়েছেন। এ খবরে অনলাইনে স্বস্তি ফিরে আসে।
ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই বাড়িটির নির্মাণকাজের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এমন ভয়াবহ বন্যার মধ্যেও ভবনটি টিকে থাকা মজবুত নির্মাণের গুরুত্বের বিষয়টি তুলে ধরে।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা কী ভয়াবহ আতঙ্কের মধ্যে ছিলেন, তা কল্পনা করাও কঠিন। আরেকজন বাড়িটির নির্মাণশৈলীর প্রশংসা করে সংশ্লিষ্ট নির্মাতাকে অভিনন্দন জানান। পরিবারের সবাই নিরাপদে উদ্ধার হওয়ায় অনেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
You cannot copy content of this page