সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। তবে তার হাতে দেড় শতাধিক মানুষ হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছেন প্রসিকিউশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য তুলে ধরা হয়।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের গুম ও হত্যাকাণ্ডের বিষয়ে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার প্রমাণ পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা দেড় শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সামরিক বাহিনীতে জিয়াউল আহসান ছিলেন একজন দানব। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও রাষ্ট্রীয় মদদে তিনি ভয়াবহ অপরাধ করেছেন। বিরোধী মত দমনে শেখ হাসিনার প্রধান অস্ত্র ছিলেন জিয়াউল আহসান। তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল।
এ সময় যুক্তিতর্ক শুনতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা।
পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি জিয়াউল আহসানের আর্থিক দুর্নীতির বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করবেন তিনি।
সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিমকে সর্বাত্মক সহযোগিতা করতে তিনি ট্রাইব্যুনালে এসেছেন। জাতি গুম ও খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।
নিরাপত্তার স্বার্থে এদিন জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি ট্রাইব্যুনালের কার্যক্রমে যুক্ত করা হয়। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুনে তাকে তাচ্ছিল্যের হাসি হাসতে দেখা যায়।
You cannot copy content of this page