নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা শেষে বৈঠকে বসা ওয়াজিব। চার রাকাতবিশিষ্ট জোহর, আসর ও এশার নামাজের পাশাপাশি তিন রাকাতবিশিষ্ট মাগরিব ও বিতরের নামাজেও দ্বিতীয় রাকাত শেষে বসতে হয়। এরপর তৃতীয় বা অবশিষ্ট রাকাত আদায়ের জন্য দাঁড়াতে হয়।
কেউ যদি ভুলবশত দ্বিতীয় রাকাতের বৈঠকে না বসে দাঁড়িয়ে যান, তাহলে নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে সাহু সেজদা আদায় করতে হবে।
এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) বর্ণনা করেন, একবার আল্লাহর রাসুল (সা.) একটি নামাজে দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে যান। মুসল্লিরাও তাঁর সঙ্গে দাঁড়িয়ে যান। নামাজ শেষ হওয়ার পর সবাই তাঁর সালাম ফেরানোর অপেক্ষায় ছিলেন। তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসা অবস্থায় দুটি সেজদা করেন। এরপর সালাম ফেরান। (সহিহ বুখারি, হাদিস: ১২২৪)
অন্য বর্ণনায় হজরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) জোহরের নামাজে দুই রাকাত আদায় করার পর বৈঠকে না বসেই দাঁড়িয়ে যান। নামাজ শেষ হলে তিনি দুটি সেজদা করেন, এরপর সালাম ফেরান। (সহিহ বুখারি, হাদিস: ১২২৫)
You cannot copy content of this page